Yevgeny Yevtushenko লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Yevgeny Yevtushenko লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৩ জুন, ২০১৯

Yevgeny Yevtushenko's poem BABI YAR translated in Bengali by Malay Roychoudhury



বাবি ইয়ারের ওপরে কোনো স্মৃতিফলক বসানো হয়নি
গভীরে নেমে গেছে গিরিখাত
মামুলি মানুষের স্মৃতিচিহ্ণের মতন ।
আমি ভয়ে আক্রান্ত ।
আজকে আমার নিজের বয়স
জগতের সব ইহুদিদের বয়সের যোগফলের সমান ।
এখন আমার সত্যিই মনে হয়
যে আমি আদপে একজন ইহুদি
এখানে আমি প্রাচীন মিশরে ঘুরেফিরে বেড়াই ।
ক্রুশকাঠে ঝুলে এখানেই হয়েছিল আমার সমাপ্তি
আর আজও আমার সারা শরীর জুড়ে পেরেকের ঘা ।
আমি নিজেকে মনে করি সেই দ্রেফিস ।
যে একাধরে প্যালেস্টাইনের
গুপ্তচর আর বিচারক ।
আমি জেলখানায় বন্দি ।
চারিদিকে বাধার পাঁচিল ।
ওরা কুকুর লেলিয়ে দ্যায়
গায়ে থুতু ফ্যালে
নোংরা গালাগাল দ্যায় ।
বাচাল আর সুন্দরী ধনী যুবতীরা
দামি লেসবসানো ফ্রক পরে
আমার মুখের ওপর রঙিন ছাতা উড়িয়ে চলে যায় ।
আমি যেন তখন
বাইলোস্তকের সেই যুবক
যার রক্ত ঝরে মাটিতে বইতে থাকে ।
ভাটিখানায় জড়ো-হওয়া নেতাদের গা থেকে
ভোদকা আর পেঁয়াজের দুর্গন্ধ বেরোয় ।
আমি অসহায়, মুখবুজে বুটের লাথি খাই ।
জাতিবিদ্বেষী খুনীরা উত্তেজনায় চেল্লায়
“ইহুদিদের মারো, রাশিয়াকে বাঁচাও”।
আমার অনুনয়-বিনয়ে কেউ কান দ্যায় না ।
চাল-গমের একজন দোকানদার
আমার মাকে ধরে পেটায়
হে আমার রুশি ভাইবোনেরা !
তোমাদের তো
আমি চিনি
হাড়ে-হাড়ে তোমরা আন্তর্জাতিক ।
কিন্তু যাদের হাতে নরকের পাঁক লেগে আছে
তারা অনেক সময়ে বিশুদ্ধতার গুণগানে মেতে ওঠে ।
আমি আমার দেশের লোকেদের ধার্মিকতা বুঝি ।
কী নারকীয় ওই ইহুদিবিদ্বেষীরা
বিবেকের ছিটেফোঁটা চাপ ছাড়াই
তারা বুক ফুলিয়ে নিজেদের বলে
‘রুশ জনগণের সংঘবদ্ধ যুক্তরাষ্ট্র’।
আমি হতে চাই
অ্যানে ফ্র্যাংক
জীবন্ত, স্বচ্ছন্দ,
বসন্তঋতুর গাছের ডালের মতন ।
আমি ভালোবাসতে চাই ।
তার জন্য গালভরা তোষামোদের দরকার নেই ।
আমার বড়োই দরকার
একে অন্যের চোখে চোখ মেলে তাকানোর।
কতটুকু চোখে দেখার
বা গন্ধ নেবার ক্ষমতা আমাদের আছে !
গাছের পাতাগুলো আমাদের নাগালের বাইরে
আকাশ দেখার অনুমতি আমাদের নেই ।
তবু আমরা অনেক কাজ করতে পারি ।
কোমল
একে আরেকজনকে জড়িয়ে ধরি অন্ধকার ঘরে ।
কারা আসছে এদিকে ?
ভয় নেই । দূর থেকে আসা আওয়াজগুলো
বসন্তঋতুর বজ্রনির্ঘোষ :
বসন্তঋতু আসছে আমাদের দেশে
তাহলে তোমরা আমার কাছে এসো
মেলে ধরো তোমাদের ঠোঁট ।
ওরা কি দরোজা ভেঙে ফেলছে ?
না, না, বরফের চাঙড় ভাঙার আওয়াজ….
বাবি ইয়ারের বুনো ঘাসে উঠেছে বাতাসের ইশারা ।
গাছগুলো দাঁড়িয়ে আছে বিচারকদের মতন,
তাদের ডালপালায় রয়েছে খারাপ ইঙ্গিত ।
চারিদিক থেকে শুনতে পাচ্ছি মুখবোজা চিৎকার,
আর আমি মাথার টুপি খুলে
ক্রমশ অনুভব করছি
মাথার চুলগুলো পেকে যাচ্ছে ।
এখানে কবরে শোয়া শতসহস্র মানুষের মতন
এক খাঁ-খাঁ নিঃশব্দ হাহাকার ।
এখানে রাইফেলের গুলিতে মারা গেছেন
অজস্র বুড়ো-বুড়ি
আমিও ।
এখানে রাইফেলের গুলিতে মারা গেছে
সব কয়টি খোকা-খুকু
আমিও ।
আমার প্রতিটি জীবনকণা
কোনোদিন ভুলবে না
ওই ‘ইনটারন্যাশানাল’ গান
আমরা প্রাণভরে গাইবো
যখন পৃথিবীর শেষ ইহুদিবিদ্বেষীকে
চিরকালের জন্য সমাহিত করা হবে ।
আমার গায়ে  কোনো ইহুদির রক্ত লেগে থাকবে না ।
তাদের যুক্তিহীন ক্রোধে
প্রত্যেক ইহুদিবিদ্বেষী
আমি ইহুদি বলে আমায় ঘেন্না করে ।
তাই মনেপ্রাণে
আমি একজন খাঁটি রুশ নাগরিক ।